ORGANISATIONAL EXPANSION | নিউ টাউনে নতুন দফতর ‘কেশব স্মৃতি’, ২৬ সেপ্টেম্বর উদ্বোধন করবেন দত্তাত্রেয় হোসবলে

নিউ টাউনে নতুন দফতর ‘কেশব স্মৃতি’, ২৬ সেপ্টেম্বর উদ্বোধন করবেন দত্তাত্রেয় হোসবলে

কলকাতা: সংগঠনের সাংগঠনিক ও সামাজিক কাজের পরিধি ক্রমশ বাড়ায় উত্তর কলকাতার কেশব ভবনে আর স্থান সঙ্কুলান হচ্ছে না। সেই কারণে নিউ টাউনের অ্যাকশন এরিয়া ২ডি-তে তৈরি হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নতুন দফতর ‘কেশব স্মৃতি’। আগামী ২৬ সেপ্টেম্বর নতুন এই দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংঘের সরকার্যবাহ (সর্বভারতীয় সাধারণ সম্পাদক) দত্তাত্রেয় হোসবলে।

এত দিন কলকাতা কেন্দ্রিক সংঘের কাজ পরিচালিত হত উত্তর কলকাতার অভেদানন্দ রোডের ‘কেশব ভবন’ থেকে। হেদুয়া ও মানিকতলার মাঝামাঝি এলাকায় অবস্থিত এই ভবন থেকেই দক্ষিণবঙ্গের সাংগঠনিক কাজ পরিচালিত হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ওড়িশা নিয়ে গঠিত সংঘের পূর্ব ভারত ক্ষেত্রের সদর দফতরের কাজও চলত।

কেশব ভবনে সংঘের একাধিক সাংগঠনিক স্তরের দফতর থাকার পাশাপাশি দৈনন্দিন সাংগঠনিক কাজের জন্য প্রয়োজনীয় অফিস পরিকাঠামো রয়েছে। সারা বছর বিভিন্ন কর্মসূচিও পরিচালিত হয় সেখান থেকে। এর পাশাপাশি সংঘের প্রান্ত, ক্ষেত্র এবং সর্বভারতীয় স্তরের দায়িত্বে থাকা একাধিক প্রচারক ও পদাধিকারীর যাতায়াত এবং থাকার ব্যবস্থাও এই ভবনেই করতে হয়।

পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের সাংগঠনিক কাজের দায়িত্বে থাকা প্রচারকদেরও বিভিন্ন রাজ্যে যাতায়াতের সময়ে কলকাতায় অবস্থান করতে হয়। এত দিন বিমানবন্দর থেকে তাঁদের অভেদানন্দ রোডের কেশব ভবনে যেতে হত। নিউ টাউনে নতুন দফতর তৈরি হওয়ায় তাঁদের যাতায়াতও তুলনামূলকভাবে সহজ হবে বলে সংঘ সূত্রে জানা গিয়েছে।

সংঘের দক্ষিণবঙ্গ প্রান্তের প্রচার প্রমুখ বিপ্লব রায় বলেন, ‘‘শুধু সংগঠন বা কর্মীর সংখ্যা বেড়েছে এমন নয়, সংঘের কাজও অনেকটাই বেড়েছে। শতবর্ষে পৌঁছোনোর পর সংঘ বেশ কিছু নতুন সামাজিক কাজ হাতে নিয়েছে।’’

২০২৫ সালের বিজয়া দশমীতে আরএসএস ১০০ বছর পূর্ণ করে। শতবর্ষের পর থেকেই ‘পঞ্চ পরিবর্তন’ নামে একাধিক সামাজিক কর্মসূচির উপর জোর দেওয়া হয়েছে। নাগরিক কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি, পরিবেশ সংরক্ষণ, প্রতিবেশী ও সহ-নাগরিকের প্রতি দায়িত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি নিয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।

এর পাশাপাশি ‘পরিবার প্রবোধন’-এর মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, দায়িত্ববোধ ও শ্রদ্ধার বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে সচেতনতা তৈরির কাজও চলছে। সংঘের দাবি, এই ধরনের উদ্যোগের মাধ্যমে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করার চেষ্টা করা হচ্ছে।

এই সমস্ত সাংগঠনিক ও সামাজিক কর্মসূচি একসঙ্গে পরিচালনার জন্য আগের তুলনায় আরও বড় পরিসরের প্রয়োজন তৈরি হয়েছে। সেই প্রয়োজন মেটাতেই নিউ টাউনে তৈরি করা হয়েছে পাঁচতলা নতুন ভবন ‘কেশব স্মৃতি’।

‘ডা. হেডগেওয়ার স্মারক সমিতি’-র উদ্যোগে তৈরি হয়েছে এই নতুন ভবন। আরএসএসের প্রতিষ্ঠাতা সরসংঘচালক কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবনটির নাম রাখা হয়েছে ‘কেশব স্মৃতি’।

সংঘের পদাধিকারীদের মতে, নতুন এই দফতর চালু হলে কলকাতা ও পূর্ব ভারতের সাংগঠনিক কাজ পরিচালনার ক্ষেত্রে পরিকাঠামোগত সুবিধা বাড়বে। একই সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং সাংগঠনিক কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।