২০ থেকে ২৫ সেপ্টেম্বর আবেদন, অস্থায়ী বিজ্ঞাপন কাঠামোর জন্য নিতে হবে বিশেষ অনুমতি
কলকাতা: দুর্গাপুজোর আগে শহরে অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো এবং বিভিন্ন ধরনের ডিসপ্লে নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। ২০২৬ সালের দুর্গাপুজো উপলক্ষে অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বা বিভিন্ন ধরনের ডিসপ্লে বসাতে হলে কলকাতা পুরসভার ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) বা বিশেষ অনুমতি নিতে হবে। শনিবার পুরসভার তরফে জানানো হয়েছে, ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সংক্রান্ত আবেদন জমা নেওয়া হবে।
প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কলকাতা পুরসভার বিজ্ঞাপন দফতরে আবেদন জমা দেওয়া যাবে। সংশ্লিষ্ট আবেদনপত্র কলকাতা পুরসভার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে জমা দিতে হবে। পুজোর মরসুমে অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বা বিভিন্ন ডিসপ্লে বসানোর ক্ষেত্রে এই আবেদন ও অনুমতি গ্রহণ বাধ্যতামূলক বলে পুরসভার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অনুমতি ছাড়া কোনও বিজ্ঞাপন কাঠামো বসানো হলে পুরসভার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। দুর্গাপুজোর কমিটিগুলিকে এনওসি দেওয়ার বিষয়ে কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে বলেন, ‘‘আমরা চাই কলকাতার পুজো ভাল ভাবে হোক। তাই ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত শিবির করে তাঁদের প্রয়োজনীয় তথ্য দিয়ে দেওয়া হবে।’’
তবে বিজ্ঞাপন সংক্রান্ত করের ক্ষেত্রে এলইডি এবং অন্যান্য বহিরাঙ্গন বিজ্ঞাপনের জন্য আলাদা নিয়ম রাখা হয়েছে। ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক অঞ্জন উকিল কলকাতার পুজো কমিটিগুলিকে জানিয়েছেন, কলকাতা পুরসভার বিজ্ঞাপন দফতরের চিফ ম্যানেজার ভাস্কর ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে আলোচনায় এলইডি বিজ্ঞাপনের কর সংক্রান্ত বিষয়টি জানানো হয়েছে।
জানা গিয়েছে, চলতি বছরে এলইডি বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রতি বর্গফুটে বছরে ৬০০ টাকা হারে কর ধার্য করা হবে। তবে পুরো বছরের জন্য একসঙ্গে কর দিতে হবে না। এলইডি বিজ্ঞাপন যত দিন প্রদর্শিত হবে, সেই সময়ের ভিত্তিতে আনুপাতিক হারে কর নির্ধারণ করা হবে। অর্থাৎ বিজ্ঞাপন কত বর্গফুট জায়গা জুড়ে এবং কত দিনের জন্য প্রদর্শিত হচ্ছে, তার উপর নির্ভর করবে মোট করের পরিমাণ।
অন্য দিকে, এলইডি ছাড়া অন্যান্য বহিরাঙ্গন বিজ্ঞাপন বা ডিসপ্লের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য পুরসভার কর থেকে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। অঞ্জন উকিলের দেওয়া তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়সীমায় এই ধরনের আউটডোর ডিসপ্লে কলকাতা পুরসভার বিজ্ঞাপন কর থেকে মুক্ত থাকবে।
ফলে পুজোর আগে বিজ্ঞাপনদাতা, পুজো কমিটি এবং বিভিন্ন সংস্থাকে এক দিকে যেমন পুরসভার অনুমতি নিতে হবে, অন্য দিকে বিজ্ঞাপন ব্যবহারের ধরন অনুযায়ী কর সংক্রান্ত নিয়মও মেনে চলতে হবে। পুরসভার বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বা ডিসপ্লে বসানোর ক্ষেত্রে এককালীন বিশেষ অনুমতির কথাও বলা হয়েছে।
নির্ধারিত সময়সীমার পরে নতুন করে আবেদন গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে সংশ্লিষ্ট পুজো কমিটি ও বিজ্ঞাপন সংস্থাগুলিকে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
দুর্গাপুজোর সময়ে কলকাতার বিভিন্ন রাস্তা, গুরুত্বপূর্ণ মোড় এবং জনবহুল এলাকায় বিজ্ঞাপন, আলোকসজ্জা ও বিভিন্ন প্রচারমূলক ডিসপ্লে দেখা যায়। সেই কারণে এ বার অস্থায়ী বিজ্ঞাপন কাঠামোর অনুমতি এবং কর কাঠামো—দুই বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষ করে এলইডি বিজ্ঞাপনের ক্ষেত্রে কত বর্গফুট জায়গা জুড়ে বিজ্ঞাপন থাকবে এবং কত দিনের জন্য তা প্রদর্শিত হবে, তার সঠিক হিসাব রাখতে হবে। অন্য ধরনের ডিসপ্লের ক্ষেত্রে করমুক্তির নির্ধারিত সময়সীমা মেনে বিজ্ঞাপন কাঠামো তৈরি ও সরানোর পরিকল্পনা করতে হবে।
