দক্ষিণ দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা একটি জলাশয় পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট জলাশয়টি ২০১৩ সালে ভরাট করা হয়েছিল। জলাশয়টি তৃণমূল কাউন্সিলর বিউটি হালদারের বাড়ির কাছাকাছি এলাকায় অবস্থিত।
জলাশয়টি পুনরুদ্ধারের জন্য আগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেয় পৌরসভা। নিজেদের উদ্যোগে ভরাট অংশ সরিয়ে জলাশয়টি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশও দেওয়া হয়েছিল। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নির্দেশ কার্যকর না হওয়ায় এবার সরাসরি পুনরুদ্ধারের কাজে নামে পৌরসভা।
এদিন জেসিবি মেশিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পৌরসভার কর্মীরা। ভরাট করা অংশ খুঁড়ে জলাশয়ের পরিসর পুনরুদ্ধারের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়। তবে কাজ শুরু করতে গিয়ে স্থানীয়ভাবে বাধার মুখে পড়েন পৌরসভার কর্মীরা।
জলাশয় পুনরুদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পৌরসভার পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে।
