Mamata’s Medical Records Controversy: মমতার চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশের অভিযোগ, এসএসকেএম ও স্বাস্থ্যকর্তাদের আইনি নোটিস

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আসাকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই চিকিৎসার নথি ও শারীরিক অবস্থার সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য স্বাস্থ্য দফতরের কয়েকজন আধিকারিককে আইনি নোটিস পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। নোটিসে চিকিৎসা সংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

আইনি নোটিসে দাবি করা হয়েছে, কোনও রোগীর চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত নথি তাঁর অনুমতি ছাড়া প্রকাশ্যে আনা হলে তা গোপনীয়তার নীতির পরিপন্থী হতে পারে। একই সঙ্গে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ও আচরণবিধি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় পায়ে চোট পাওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিকিৎসা সংক্রান্ত নথির উল্লেখ করে সেই সময় মমতার পায়ে ফ্র্যাকচার হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন।

এর পরেই চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ এবং তার ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি রোগীর ব্যক্তিগত চিকিৎসা-তথ্যের গোপনীয়তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। এখন আইনি নোটিসের পর সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কী জবাব দেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে।