Seva Jyoti Yatra : বারাসাতে সেবা জ্যোতি যাত্রা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবা স্মরণে বিজেপির কর্মসূচি

প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবার সময়কালকে স্মরণ করে দেশজুড়ে বিজেপির উদ্যোগে চলছে ‘সেবা সংকল্প অভিযান’। এই কর্মসূচির ধারাবাহিকতায় বারাসাতে আয়োজন করা হল ‘সেবা জ্যোতি যাত্রা’। প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি ইতিমধ্যেই ৩০ দিনে পৌঁছেছে।

বারাসাতে এদিন দুটি পৃথক পদযাত্রার আয়োজন করা হয়। কাছারি মাঠ এবং শতদল মাঠ থেকে শুরু হয় দুইটি যাত্রা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে এসে দুটি মিছিল শেষ পর্যন্ত বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে এসে একত্রিত হয়।

এরপর ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক এবং দলের কর্মী-সমর্থকেরা। কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।

অনুষ্ঠানস্থল থেকেই উপস্থিত মন্ত্রী, বিধায়ক ও বিজেপি কর্মী-সমর্থকেরা ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। জনসেবার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করার বার্তাও দেওয়া হয়।