Food Safety : পুজোর আগে হাতিবাগানে খাদ্য সুরক্ষা অভিযান, রেস্তোঁরা-মিষ্টির দোকানে পুরসভার কড়া নজর

পুজোর আগে শহরের খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে বিশেষ অভিযান কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের। বৃহস্পতিবার হাতিবাগান এলাকায় একাধিক রেস্তোঁরা ও মিষ্টির দোকানে অভিযান চালান খাদ্য সুরক্ষা আধিকারিকরা।

অভিযানের মূল লক্ষ্য ছিল খাবার তৈরির পরিবেশ, ব্যবহৃত খাদ্যসামগ্রীর মান, সংরক্ষণ পদ্ধতি এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা খতিয়ে দেখা। পুজোর মরশুমে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

হাতিবাগানের কস্তুরী রেস্তোঁরার রান্নাঘরেও পৌঁছন খাদ্য সুরক্ষা আধিকারিকরা। সেখানে বিভিন্ন খাদ্যসামগ্রী পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়। অভিযানের সময় রেস্তোঁরার রান্নাঘরে থাকা কিছু মাছ খাদ্যমান নিয়ে সন্দেহ থাকায় সরিয়ে ফেলে দেওয়া হয়।

আধিকারিকরা বিভিন্ন খাবার ও উপকরণের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই খাদ্যসামগ্রীর মান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পুজোর আগে শহরে খাবারের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। সেই সময় নিম্নমানের বা অনিরাপদ খাদ্যসামগ্রী যাতে বাজারে না আসে, তা নিশ্চিত করতেই এই ধরনের অভিযান আরও জোরদার করা হচ্ছে। কলকাতার বিভিন্ন এলাকায় আগামী দিনগুলিতেও খাদ্য সুরক্ষা সংক্রান্ত পরিদর্শন চলবে বলে জানা গিয়েছে।