Gaighata Assault Case | গাইঘাটায় নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় এনকাউন্টারে মৃত্যু ধৃত প্রহ্লাদের

উত্তর ২৪ পরগনা: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে ধৃত প্রহ্লাদ দাসের মৃত্যু হল পুলিশের গুলিতে। মঙ্গলবার ভোররাতের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের দাবি, ঘটনাস্থলে নিয়ে গিয়ে অপরাধের পুনর্নির্মাণের পর ফেরার পথে পুলিশকর্মীর রিভলভার ছিনিয়ে গুলি চালায় অভিযুক্ত। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পুনর্নির্মাণের কাজ শেষ করে অভিযুক্তকে নিয়ে ফেরার সময় আচমকাই এক পুলিশ আধিকারিকের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নেয় প্রহ্লাদ। এরপর পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই সময় এক পুলিশ আধিকারিক প্রাণ বাঁচাতে পাশের খালে ঝাঁপ দেন বলে দাবি পুলিশের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য এক পুলিশ আধিকারিক পাল্টা কয়েক রাউন্ড গুলি চালান বলে জানা গিয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অভিযুক্ত। পরে তাকে বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

গাইঘাটার নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। তারই মধ্যে ধৃতের মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় উঠে এসেছে পুলিশের ভূমিকা ও তদন্তের গতিপ্রকৃতি। গোটা ঘটনায় পুলিশের বক্তব্য অনুযায়ী, আত্মরক্ষার্থেই গুলি চালানো হয়েছিল। তবে এনকাউন্টারের সম্পূর্ণ পরিস্থিতি ও ঘটনার অন্যান্য দিক সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসা এখনও বাকি।