বসিরহাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সরদারআটি কেয়া বাগান এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রায় তিন মাস ধরে এলাকার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে রয়েছে। এর ফলে কয়েকশো পরিবারকে প্রতিদিনই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সমস্যা নতুন নয়। গত ৮ থেকে ১০ বছর ধরে বর্ষা এলেই জল জমার সমস্যায় ভুগতে হয় তাঁদের। বছরের পর বছর একই পরিস্থিতি তৈরি হলেও স্থায়ীভাবে জলনিকাশির ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পৌরসভা, স্থানীয় কাউন্সিলর এবং বিধায়ককে একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি এলাকাবাসীর।
দীর্ঘদিন জল জমে থাকায় রাস্তা থেকে বসতবাড়ির আশপাশ—সব জায়গাতেই দুর্ভোগ তৈরি হয়েছে। দৈনন্দিন কাজকর্ম, যাতায়াত এবং শিশু ও বয়স্কদের চলাচলেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত জল সরিয়ে স্থায়ী নিকাশির ব্যবস্থা না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
অন্যদিকে, বসিরহাট দক্ষিণের বিধায়ক সুরজিৎ মিত্র জানান, সমস্যাটি শুধু সরদারআটি এলাকায় সীমাবদ্ধ নয়। পৌরসভার প্রায় পাঁচটি ওয়ার্ডে একই ধরনের জল জমার সমস্যা রয়েছে বলে দাবি তাঁর। বিষয়টি নিয়ে একাধিকবার প্রস্তাব জমা দেওয়া হলেও এখনও কাজ শুরু হয়নি বলে জানান বিধায়ক। বিধানসভাতেও তিনি এই সমস্যা তুলে ধরেছেন বলে দাবি করেন।
বিধায়কের আরও বক্তব্য, এলাকায় একাধিক মাছের ভেড়ি তৈরি হওয়াও জল জমে থাকার অন্যতম কারণ হতে পারে। জলনিকাশির স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে তাঁর দাবি।
তিন মাস ধরে জলবন্দি অবস্থায় থাকা সরদারআটির বাসিন্দাদের এখন মূল দাবি, দ্রুত জল সরিয়ে কার্যকর জলনিকাশির ব্যবস্থা করা এবং বছরের পর বছর ধরে চলা এই সমস্যার স্থায়ী সমাধান করা।
