Breaking News | বারাসাতের পর মধ্যমগ্রামেও অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম না মেলায় বিক্ষোভ

মধ্যমগ্রামের শ্রীনগর কথামালা কমিটি হলে আয়োজিত সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ না হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। সকাল থেকেই ফর্ম পূরণের আশায় ক্যাম্পে ভিড় করতে শুরু করেন বহু মহিলা।

ক্যাম্পে আসা মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার জন্য তাঁরা ভোর ৫টা থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সকাল ৯টার পর তাঁদের জানানো হয়, ওই ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের কোনও ব্যবস্থা করা হবে না।

এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ বাড়তে থাকে লাইনে অপেক্ষারত মহিলাদের মধ্যে। তাঁদের দাবি, আগে থেকে বিষয়টি জানানো হলে এত ভোরে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হত না।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর ক্যাম্পে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, বিক্ষোভের সময় ক্যাম্পের চেয়ারে-টেবিলে ধাক্কাধাক্কি ও সেগুলি উল্টে দেওয়ার ঘটনা ঘটে। এর জেরে কিছু সময়ের জন্য ক্যাম্পের কাজ ব্যাহত হয় বলে জানা যায়।

ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ নিয়ে কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে প্রশ্ন।