Breaking News | ক্যারাটের ডিজিটাল স্কোরিংয়ে অভিনব উদ্ভাবন, ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস’-এ রায়গঞ্জের অংশুজয়

ক্যারাটের ডিজিটাল স্কোরিং ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করে তুলতে অভিনব প্রযুক্তি তৈরি করে বিশেষ স্বীকৃতি পেলেন রায়গঞ্জের তরুণ অংশুজয় দাস। তাঁর তৈরি ওয়্যারলেস জয়স্টিক ব্যবস্থার স্বীকৃতি হিসেবে ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস’-এ তাঁর নাম নথিভুক্ত হয়েছে।

চলতি বছরের ১৬ ও ১৭ মে নয়াদিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সিরিজ-২ প্রতিযোগিতায় অংশুজয়ের তৈরি প্রযুক্তি ব্যবহার করা হয়। ক্যারাটে প্রতিযোগিতায় স্কোর দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুত করার লক্ষ্যেই এই ব্যবস্থা তৈরি করেছেন তিনি।

এই উদ্ভাবনের জন্য ডাম্মিকা কাই শিন্তো-রিউ ইন্টারন্যাশনালের পক্ষ থেকেও অংশুজয়কে দুটি শংসাপত্র দেওয়া হয়েছে। ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস’-এর নথি অনুযায়ী, আগস্ট মাসে তাঁর রেকর্ড নিশ্চিত করা হয় এবং সেপ্টেম্বর মাসে তাঁকে শংসাপত্র প্রদান করা হয়।

সম্প্রতি রায়গঞ্জে আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশুজয়ের তৈরি এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জাতীয় স্তরের প্রতিযোগিতায় তাঁর উদ্ভাবন ব্যবহৃত হওয়া এবং পরবর্তীতে রেকর্ডের স্বীকৃতি পাওয়ায় খুশি অংশুজয় ও তাঁর পরিবার।

ছেলের এই সাফল্যে গর্বিত বাবা হিমাংশু দাস। পেশায় সাংবাদিক হিমাংশু একসময় ক্রীড়া সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। ছোটবেলা থেকেই ছেলেকে বিভিন্ন খেলার মাঠে নিয়ে যেতেন তিনি। খেলাধুলার পরিবেশের মধ্যেই বড় হয়ে ওঠার পাশাপাশি প্রযুক্তির প্রতিও আগ্রহ তৈরি হয় অংশুজয়ের।

অংশুজয়ের বক্তব্য, ক্যারাটের ডিজিটাল স্কোরিং ব্যবস্থাকে আরও উন্নত এবং ব্যবহারবান্ধব করার লক্ষ্যেই তিনি এই ওয়্যারলেস জয়স্টিক ব্যবস্থা তৈরি করেছেন। জাতীয় স্তরের প্রতিযোগিতায় নিজের তৈরি প্রযুক্তি ব্যবহৃত হওয়া এবং ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস’-এর স্বীকৃতি পাওয়াকে তাঁর কাছে বড় অর্জন বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version