Gangarampur Murder Case| দক্ষিণ দিনাজপুর এর গঙ্গারামপুরে স্ত্রী কে খু*ন করে, তার কা*টা মুণ্ডু হাতে নিয়ে দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে।

স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে ঘুরছে স্বামী! সাতসকালে হাড়হিম করা ঘটনায় শিউরে উঠল গঙ্গারামপুরের নারায়নপুর, গ্রেফতার স্বামী

বালুরঘাট, ৪ নভেম্বর —- সাতসকালে হাড়হিম করা ঘটনায় শিউরে উঠল গঙ্গারামপুর! নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে তাঁর কাটা মুন্ডু হাতে নিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে কার্যত স্তব্ধ হয়ে গেলেন গঙ্গারামপুর শহরের নারায়ণপুর ঘোষপাড়ার বাসিন্দারা। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত স্বামী রিন্টু ঘোষকে। উদ্ধার হয় নিহত গৃহবধূর কাটা মুন্ডু।
পুলিশ জানিয়েছে, মৃতার নাম সীমা ঘোষ সরকার (৩৫)। প্রায় ১৫ বছর আগে নারায়ণপুর ঘোষপাড়ার বাসিন্দা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী রিন্টু ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তাঁদের দুই পুত্রসন্তানও রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবনের এমন মর্মান্তিক পরিণতিতে স্তম্ভিত প্রতিবেশীরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন ধরেই তন্ত্রসাধনায় মগ্ন হয়ে পড়েছিলেন রিন্টু। বুধবার সকালে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করার পর প্রথমে বাড়ির ঠাকুরের আসনে কাটা মুন্ডুটি রাখেন তিনি। এরপর সেটি হাতে নিয়েই এলাকায় ঘুরতে শুরু করেন। এমন বীভৎস দৃশ্য দেখে আতঙ্কে কার্যত দিশাহারা হয়ে পড়েন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
অন্যদিকে, পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তের মানসিক অসুস্থতার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তবে কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড, তার প্রকৃত রহস্য এখনও অধরা। তন্ত্রসাধনার সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ। ১৫ বছরের সংসার, দুই সন্তান—সবকিছুকে পিছনে ফেলে এমন ভয়াবহ পরিণতি ঘিরে এখন একটাই প্রশ্ন, কী ঘটেছিল সেই বাড়ির চার দেওয়ালের মধ্যে ……

Exit mobile version