Public Safety | চোরবাগানের দুর্ঘটনা থেকে শিক্ষা, বারাসাতের কালীপুজোয় নিরাপত্তায় বাড়তি নজর পুলিশের

বারাসাত: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনওভাবেই না ঘটে, তার জন্য আসন্ন কালীপুজোয় ভিড় নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার বার্তা দিলেন বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। পুজোর আয়োজন থেকে শুরু করে মণ্ডপে দর্শনার্থীদের যাতায়াত, প্রতিটি ক্ষেত্রেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন তিনি।

মঙ্গলবার বিকেলে বারাসাত জেলা পুলিশের উদ্যোগে দোলতলা পুলিশ লাইনের সদর দপ্তরে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দেন বিধায়ক। তাঁর স্পষ্ট বক্তব্য, মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার জে. মার্সি (আইপিএস)। বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি বারাসাত, মধ্যমগ্রাম ও হাবড়ার কালীপুজোকে দুর্ঘটনামুক্ত ও নির্বিঘ্ন করতে পুলিশের তরফে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল, বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায়-সহ পুলিশের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

বারাসাত, মধ্যমগ্রাম ও হাবড়ার কালীপুজোয় প্রতিবছরই বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হয়। ফলে ভিড় সামলানো, যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বজায় রাখা পুলিশের কাছে বড়সড় চ্যালেঞ্জ। সকলের বক্তব্যেই উঠে আসে, উৎসবের আনন্দ যেন কোনওভাবেই দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার কারণে ম্লান না হয়।

Exit mobile version