Local News | হৃদয়পুরে কালীপুজোর মণ্ডপ ঘিরে বিতর্ক, বাড়ির প্রবেশপথ আটকে দেওয়ার অভিযোগ বাসিন্দার

বারাসাত: কালীপুজোর আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বারাসাতের হৃদয়পুর স্টেশন রোড এলাকায়। স্থানীয় ফ্রেন্ড সার্কেলের কালীপুজোর মণ্ডপ নির্মাণ নিয়ে আপত্তি তুলেছেন এলাকার বাসিন্দা সুমিত পাল। তাঁর অভিযোগ, বাড়ির মূল প্রবেশপথ কার্যত আটকে দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। পাশাপাশি বাড়ির দরজা ও জানালাও মণ্ডপের আড়ালে ঢেকে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সুমিত পালের দাবি, পুজো আয়োজনে তাঁর কোনও আপত্তি নেই। তবে ধর্মীয় উৎসবের আয়োজন করতে গিয়ে কোনও বাসিন্দার বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া কতটা যুক্তিসংগত, সেই প্রশ্নই তুলেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, এই সমস্যার প্রতিবাদ জানাতে গেলে তাঁকে গালিগালাজ করা হয় এবং হুমকির মুখেও পড়তে হয়।

অভিযোগকারী আরও জানান, প্রথমদিকে তাঁরাই এই পুজোর সূচনা করেছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব ও পুজোর পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে তাঁর দাবি। বর্তমানে বাড়ির সামনে মণ্ডপ নির্মাণকে কেন্দ্র করেই মূল আপত্তি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্থানীয় বিজেপি নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন তিনি।

অন্যদিকে, পুজো উদ্যোক্তাদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাঁদের দাবি, ফ্রেন্ড সার্কেলের এই কালীপুজো দীর্ঘ ৩২ বছর ধরে হয়ে আসছে। এত বছর ধরে নির্বিঘ্নে পুজো পরিচালিত হলেও এবার হঠাৎ করে কেন আপত্তি জানানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উদ্যোক্তারা। বাড়ির প্রবেশপথ আটকে দেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগও তাঁরা অস্বীকার করেছেন।

একদিকে বাড়ির স্বাভাবিক যাতায়াতের অধিকার নিয়ে বাসিন্দার প্রতিবাদ, অন্যদিকে দীর্ঘদিনের পুজো পরিচালনার ঐতিহ্যের পক্ষে উদ্যোক্তাদের বক্তব্য— দুই পক্ষের পরস্পরবিরোধী দাবিতে হৃদয়পুরে তৈরি হয়েছে বিতর্ক। এখন প্রশাসনের হস্তক্ষেপে কীভাবে এই সমস্যার সমাধান হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।