Fire Incident | মহাকরণের পিছনে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাতভর আগুন নেভাতে তৎপর দমকলের ১০টি ইঞ্জিন

কলকাতা: শহরের প্রশাসনিক কেন্দ্র মহাকরণ সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রবিবার গভীর রাতে বিবাদী বাগের লায়ন্স রেঞ্জ এলাকার একটি পাঁচতলা বহুতলে আগুন লাগে। ভবনটির চারতলায় অবস্থিত একটি অফিস থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রাতের দিকে বহুতলের উপরের অংশ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তারক্ষী ও স্থানীয় বাসিন্দারা। দ্রুত পুলিশ ও দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।

জানা গিয়েছে, ওই পাঁচতলা ভবনে একাধিক বেসরকারি সংস্থার অফিস রয়েছে। চারতলায় একটি কম্পিউটার সংস্থার অফিস আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক খবর। কম্পিউটার, অফিসের বিভিন্ন সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সোমবার সকালেও ভবনের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু জায়গায় আগুনের ছোট ছোট অংশ পুনরায় জ্বলে ওঠায় দমকলকর্মীদের কুলিংয়ের কাজ চালিয়ে যেতে হয়।

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয়। বৈদ্যুতিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মহাকরণের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের পিছনে এই অগ্নিকাণ্ড ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।