নেপাল: এভারেস্ট অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় বড়সড় দুর্ঘটনা। নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে অবতরণের সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি হেলিকপ্টার। ফিশটেল এয়ার এবং এয়ার ডাইনাস্টির পরিচালনাধীন এই দুই বিমানের রোটর ব্লেডের মধ্যে ধাক্কা লাগতেই ঘটে বিপত্তি।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ফিশটেল এয়ারের হেলিকপ্টারে থাকা এক বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই হেলিকপ্টারের দুই পাইলট। তাঁদের মধ্যে ফিশটেল এয়ারের বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন প্রজ্জ্বল কেসি এবং এয়ার ডাইনাস্টির হেলিকপ্টারের পাইলট ছিলেন ক্যাপ্টেন রবীন্দ্র প্রজাপতি।
ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। আহতদের চিকিৎসার জন্য আকাশপথে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযানে সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছয় সিমরিক এয়ারের একটি হেলিকপ্টার।
প্রায় ৪,২৪০ মিটার উচ্চতায় অবস্থিত ফেরিচে এভারেস্ট অঞ্চলে পর্যটক, পর্বতারোহী এবং উদ্ধারকারী দলের যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। ফলে এই দুর্ঘটনা ঘিরে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
কী কারণে অবতরণের সময় এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন। দুর্ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানতে তদন্ত চলছে।
