Bikash Bhavan | দীর্ঘদিনের অপেক্ষার অবসান চান চাকরিপ্রার্থীরা, নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান

উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের দাবিতে ফের সরব হলেন টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। ২০১৫ আপার প্রাইমারি টেট পাস ও সার্টিফিকেট মঞ্চের উদ্যোগে আজ ২০১১ এবং ২০১৫ সালের উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থীদের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছেন তাঁরা। যোগ্যতা ও প্রশিক্ষণ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁদের অনেকের নিয়োগের সুযোগ মেলেনি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

তাঁদের বক্তব্য, আগের সরকারের আমলে দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকতে হয়েছে। বর্তমানে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ায় এবার তাঁরা নতুন করে আশার আলো দেখছেন। নতুন সরকারের কাছে তাঁদের আবেদন, আর বিলম্ব না করে দ্রুত উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক।

এই দাবিকে সামনে রেখেই আজ বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দীর্ঘদিনের সমস্যা ও নিয়োগ সংক্রান্ত দাবিগুলি তুলে ধরতে চান তাঁরা।

এবার নতুন সরকারের কাছে তাঁদের একটাই প্রত্যাশা—দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক।