Health Workers Protest |পুজোর অতিরিক্ত ডিউটি করেও মিলছে না পারিশ্রমিক!

কলকাতা: পুজোর দিনগুলিতে বাড়তি দায়িত্ব পালন করেও প্রাপ্য পারিশ্রমিক না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের একাংশ। নিজেদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় ২০০ জন কর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বলে জানা গিয়েছে।

বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, দুর্গাপুজোর সময় শহরের স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে তাঁদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী গত ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত টানা কাজ করেছেন তাঁরা। কিন্তু কাজ শেষ হওয়ার পর পারিশ্রমিক দেওয়ার পরিবর্তে পুরসভার তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে অতিরিক্ত কাজের বিনিময়ে পাঁচ দিনের ছুটি দেওয়ার কথা জানানো হয়েছে বলে অভিযোগ।

কর্মীদের দাবি, তাঁদের দৈনিক পারিশ্রমিক ৪৮৭ টাকা। সেই হিসাবে অতিরিক্ত ১০ দিনের কাজের জন্য প্রত্যেকের প্রায় ৪,৮৭০ টাকা পাওয়ার কথা। কিন্তু ওই অর্থ দেওয়ার পরিবর্তে ছুটির প্রস্তাব সামনে আসায় অসন্তোষ আরও বেড়েছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, ছুটি তাঁদের প্রধান দাবি নয়, তাঁরা কাজের বিনিময়ে ন্যায্য পারিশ্রমিক চান। পুজোর সময় শহরের স্বাস্থ্য পরিষেবা বজায় রাখতে তাঁরা দায়িত্ব পালন করেছেন। অথচ কাজ শেষ হওয়ার পর সেই পরিশ্রমের মূল্য না পাওয়ায় আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে।

শুধু অতিরিক্ত কাজের পারিশ্রমিক নয়, কর্মীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত। তাঁদের কাজের স্বীকৃতি, স্থায়ীকরণ এবং অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও উঠেছে বিক্ষোভের মঞ্চ থেকে।

কর্মীদের স্পষ্ট বক্তব্য, শহরের জরুরি পরিস্থিতি থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার নানা গুরুত্বপূর্ণ কাজে তাঁরা সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেন। অথচ নিজেদের ন্যায্য পাওনা আদায়ের জন্য বারবার আন্দোলনে নামতে হচ্ছে তাঁদের।

পুজোর অতিরিক্ত কাজের পারিশ্রমিক নিয়ে কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত ঘিরে আপাতত কর্মী অসন্তোষ তুঙ্গে। পুরসভা কর্তৃপক্ষের তরফে এই বিতর্কের কী সমাধানসূত্র বেরিয়ে আসে, এখন সেদিকেই তাকিয়ে আন্দোলনকারী স্বাস্থ্যকর্মীরা।