Breaking News | ইউনেস্কোর নামে প্রতারনায় ইডি প্রেস বিজ্ঞপ্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, জোর রাজনৈতিক গুঞ্জন

ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর নামে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে নতুন তথ্য প্রকাশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে প্রায় ৩০ লক্ষ টাকা স্থানান্তরের কথা উল্লেখ করা হয়েছে।

ইডির দাবি, ইন্দ্রনীল সেন ও তাঁর মালিকানাধীন সংস্থার অ্যাকাউন্টে তাঁর মন্ত্রী থাকাকালীন সময়ে ৩.৮ কোটি টাকার বেশি নগদ জমা পড়েছিল। সেই অর্থের লেনদেন খতিয়ে দেখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে প্রায় ৩০ লক্ষ টাকা পাঠানোর তথ্য সামনে আসে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

জিজ্ঞাসাবাদে ইন্দ্রনীল সেন ওই অর্থকে ‘রয়্যালটি’ বাবদ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন। তবে ইডির প্রেস বিজ্ঞপ্তিতে এই লেনদেনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ আরোপ করা হয়নি।

পুরো বিষয়টি সামনে আসার পর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একইসঙ্গে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর নামে অর্থ সংগ্রহের অভিযোগের তদন্তও চালিয়ে যাচ্ছে ইডি।

তদন্তে ইডির আরও দাবি, ইন্দ্রনীল সেন মন্ত্রী থাকাকালীন পর্যটন ও সংস্কৃতি দফতরের ৮৫ কোটি টাকার বেশি মূল্যের একাধিক টেন্ডার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজনের সংস্থাকে দেওয়া হয়েছিল। ওই অর্থের লেনদেনের উৎস ও ব্যবহার নিয়েও তদন্ত চলছে।

তবে তদন্ত এখনও চলমান এবং ইডির প্রকাশিত তথ্যের ভিত্তিতেই বিষয়গুলি সামনে এসেছে। মামলার পরবর্তী তদন্তে আর কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।