Breaking News | অন্নপূর্ণা ভাণ্ডারের পরিষেবা না মেলায় বারাসাতে মহিলাদের বিক্ষোভ, অবরোধ টাকি রোডে

বারাসাতে ‘সেবা সেতু’ শিবিরে অন্নপূর্ণা ভাণ্ডারের পরিষেবা না মেলায় বিক্ষোভ ও রাস্তা অবরোধ মহিলাদের

বারাসাতে অন্নপূর্ণা ভাণ্ডারের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। শুক্রবার ১৭ নম্বর ওয়ার্ডের টাকি রোডের কর্মতীর্থের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ করানোর জন্য তাঁরা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু অপেক্ষার পরেও অনেকের পরিষেবা সম্পূর্ণ হয়নি। পাশাপাশি, বেশ কিছু মহিলা দাবি করেন, এক মাস বা তারও বেশি সময় ধরে তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপ্য টাকা পাচ্ছেন না।

পরিষেবা পেতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাজ না হওয়ায় ক্ষোভ আরও বাড়ে। ঘটনাস্থলেই বারাসাত পৌরসভার পৌর প্রশাসক রাজা ভৌমিকের সামনে নিজেদের সমস্যার কথা জানান বিক্ষোভকারীরা। পরে ক্ষুব্ধ মহিলারা টাকি রোডে বসে অবরোধ শুরু করেন।

অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

অন্নপূর্ণা ভাণ্ডারের পরিষেবা ও প্রাপ্য টাকা পাওয়া নিয়ে বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।