ব্যারাকপুরের নীলগঞ্জে কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান কেন্দ্রের সামনে বিভিন্ন দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভে শামিল হলেন অস্থায়ী ঠিকা কর্মীরা। বুধবার কর্মীদের এই বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত চার মাসের মধ্যে তাঁদের বেতনে বড়সড় পরিবর্তন এসেছে। আগে যে পরিমাণ বেতন তাঁরা পেতেন, বর্তমানে তার প্রায় অর্ধেক পাচ্ছেন। পাশাপাশি, নিয়মিতভাবে কাজ না দেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা।
অস্থায়ী কর্মীদের আরও দাবি, আগে বছরে চারটি নির্দিষ্ট ছুটির দিনে কাজের জন্য তাঁরা পূর্ণ বেতন পেতেন। কিন্তু বর্তমানে সেই দিনগুলির বেতনও দেওয়া হচ্ছে না বলে তাঁদের অভিযোগ। বেতন সংক্রান্ত সমস্যা, কাজের অনিশ্চয়তা এবং অন্যান্য দাবি নিয়ে এদিন তাঁরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামনে অবস্থান শুরু করেন।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে চলে কর্মীদের প্রতিবাদ কর্মসূচি। নিজেদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপের প্রত্যাশা জানিয়েছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, তাঁদের দাবিগুলি দ্রুত বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপ করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কী পদক্ষেপ করা হয় এবং কর্মীদের সমস্যার সমাধান কোন পথে এগোয়, সেদিকেই নজর রয়েছে।
