BJP Takes Control : বিজেপির দখলে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ী

মালদহে একের পর এক রাজনৈতিক সমীকরণ বদলের ছবি। জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পৌরসভাতেও ক্ষমতার পরিবর্তন ঘটল। বুধবার চেয়ারম্যান নির্বাচনে বিজেপির কাউন্সিলর অম্লান ভাদুড়ী জয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন। এর আগে তিনি বিরোধী দলনেতার পদে ছিলেন।

জানা গিয়েছে, বিজেপির কাউন্সিলর সুতপা মুখার্জি অম্লান ভাদুড়ীর নাম চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করেন। সেই প্রস্তাবে সমর্থন জানান বিজেপির আর এক কাউন্সিলর কৃষ্ণা নাথ। পাশাপাশি তৃণমূল থেকে সরে আসা কাউন্সিলরদের সমর্থনও বিজেপির পক্ষে যায়।

চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে বুধবারই বড় রাজনৈতিক পরিবর্তন দেখা যায়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ১১ জন কাউন্সিলর দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। তাঁরা মালদহ জেলা প্রশাসনিক ভবনে গিয়ে সদর মহকুমা শাসক শম্ভুনাথ সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। দলত্যাগের পর নিজেদের নির্দল কাউন্সিলর হিসেবে দাবি করেছেন তাঁরা।

২৯ আসনের ইংরেজবাজার পৌরসভায় আগের নির্বাচনে তৃণমূলের প্রতীকে ২৫ জন কাউন্সিলর জয়ী হয়েছিলেন। বিজেপির তিনজন এবং একজন নির্দল প্রার্থীও জয় পেয়েছিলেন। ফলে ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলত্যাগের ঘটনায় পৌরসভার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে।

দলত্যাগী কাউন্সিলরদের তালিকায় রয়েছেন সুমালা আগরওয়ালা, সুজিত সাহা, শুভময় বসু, সুব্রত সরদার, পলি সরকার, প্রসেনজিৎ ঘোষ, উদয় চৌধুরী, সুমিতা ব্যানার্জি, শিপ্রা রায়, পূজা দাস এবং সঞ্জয় কুমার দে।

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে দুষ্কৃতীদের হামলায় তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার নিহত হওয়ার ঘটনাও ইংরেজবাজারের রাজনীতিতে আলোড়ন তৈরি করেছিল। সেই ঘটনার পর থেকেই পৌরসভার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে।

এবার ১১ জন কাউন্সিলরের দলত্যাগ এবং বিজেপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইংরেজবাজার পৌরসভার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান পৌরসভার মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগে দলত্যাগী কাউন্সিলররা ভবিষ্যতে কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে নামেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

Exit mobile version