Young Recreation Club | ‘স্নেহের পরশে’ মানবিকতার বার্তা, অসহায় মানুষের পাশে ইয়ং রিক্রিয়েশন ক্লাব

মধ্যমগ্রাম: মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। এই ভাবনাকে সামনে রেখেই সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে মধ্যমগ্রামের পরিচিত যুব সংগঠন ইয়ং রিক্রিয়েশন ক্লাব। সংগঠনের উদ্যোগে গত অগাস্ট মাসে শুরু হওয়া ‘স্নেহের পরশ’ প্রকল্প ইতিমধ্যেই তিন মাস পূর্ণ করেছে।

প্রকল্পটির মূল লক্ষ্য, সমাজের বিশেষভাবে সক্ষম মানুষ এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলির কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া। ক্লাব সম্পাদক মোমিন আলি, যিনি টুটুল নামেও পরিচিত, তাঁর উদ্যোগে প্রতি মাসে প্রায় ১০০ জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে চাল, ডাল, তেল, নুন-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

শুধু খাদ্যসামগ্রী বিতরণেই সীমাবদ্ধ নেই এই উদ্যোগ। এলাকার দুঃস্থ মহিলাদের সাহায্যের উদ্দেশ্যে স্থানীয় পুজো কমিটিগুলির হাতেও নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট সংগঠনগুলি সেগুলি অভাবী মহিলাদের মধ্যে বিতরণ করতে পারে।

পাশাপাশি, ক্যানসার আক্রান্ত রোগীদের বিনামূল্যে রেডিয়েশন পরিষেবা এবং প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করার মতো উদ্যোগের মাধ্যমেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। সংগঠনের সম্পাদক ও সদস্যরা সম্মিলিতভাবে এই সমাজসেবামূলক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, আসন্ন কালীপুজোকে কেন্দ্র করেও একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগের কথা জানানো হয়েছে।

‘মানুষের পাশে মানুষের জন্য’—এই বার্তাকে সামনে রেখে ‘স্নেহের পরশ’ প্রকল্পের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে ইয়ং রিক্রিয়েশন ক্লাব। নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয় স্তরে সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠছে।

Exit mobile version