মোটর ভ্যান চলাচলের উপর জারি হওয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে কলকাতায় পথে নামলেন চালকদের একাংশ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের উদ্যোগে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
শিয়ালদহ স্টেশন চত্বর থেকে পায়ে হেঁটে মিছিল করে ধর্মতলার দিকে রওনা দেন চালকরা। তাঁদের দাবি, মোটর ভ্যান চলাচলের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞার ফলে বহু চালক সমস্যার মুখে পড়েছেন। জীবিকা রক্ষার স্বার্থে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তাঁরা।
মিছিল শেষে ধর্মতলায় পরিবহন দফতরে অভিযান কর্মসূচি নেওয়া হয়। সেখানে নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরার উদ্যোগ নেন আন্দোলনকারীরা।
কর্মসূচিকে কেন্দ্র করে ধর্মতলা ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের কর্মসূচি ঘিরে এলাকায় কিছুটা উত্তেজনাও তৈরি হয়।
চালকদের বক্তব্য, নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করে তাঁদের জীবিকা ও পরিবহণ ব্যবস্থার কথা মাথায় রেখে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া দরকার।
