৬ বছর আগের হামলা মামলায় ধৃত তৃণমূল নেতা
একুশের বিধানসভা নির্বাচনের আগে ১০ ডিসেম্বর ২০২০ ডায়মন্ড হারবারে জনসভা করতে যাওয়ার পথে আক্রান্ত হয় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। সেই ঘটনার প্রায় ৬ বছর পরে বুধবার নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল নেতা ইমরান হাসান। দেউলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে উস্তি থানার পুলিশ।
আগেই এই হামলায় জড়িত থাকার অভিযোগে ২৬-এর বিধানসভা ভোটে ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকেও গ্রেফতার করেছিল উস্তি থানার পুলিশ। এই ঘটনায় এ পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, তৃণমূল আমলে মগরাহাট পশ্চিমে দলের যুব সভাপতি ছিলেন ইমরান। আজই তাঁকে ডায়মন্ডহারবার আদালতে পেশ করা হবে।
একুশের বিধানসভা ভোটের আগে ২০২০ সালের ১০ ডিসেম্বর ডায়মন্ডহারবারে সভা করতে যাচ্ছিলেন তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই সময় তাঁর কনভয়ে থাকা কেন্দ্র ও রাজ্য স্তরের একাধিক নেতার গাড়ি লক্ষ্য করে দফায় দফায় ইটবৃষ্টি চলে। দিলীপ ঘোষের গাড়ির কাচ ভাঙা হয়, ইটের আঘাতে হাতে চোট পান কৈলাস বিজয়বর্গীয়। সেদিন শিরাকোল মোড়, ফলতা-সহ একাধিক জায়গায় দফায় দফায় হামলা চলেছিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই ১৪ জুন নতুন করে এই মামলার তদন্ত শুরু হয়। তদন্তে প্রথমে তৌসিফ আহমেদ, আরিফ হোসেন ও আনিসুর রহমান গ্রেপ্তার হন। ধৃতদের জেরা করে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজও উদ্ধার হয় বলে দাবি পুলিশের। ৬ বছর আগের এই হামলা মামলায় পরে জাহাঙ্গির খানকেও যুক্ত করে গ্রেপ্তার দেখানো হয়। ইমরানকে নিয়ে ওই ঘটনায় মোট ৫ জনকে ধরা হল। ঘটনায় আর কেউ যুক্ত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
