শতবর্ষ ছুঁতে বাকি আর ২, এখনও মাতৃপ্রতিমা দর্শন নেশা
নিউ ব্যারাকপুরের আগাপুরের বাসিন্দা ৯৮ বছরের প্রৌঢ়া মিনা চক্রবর্তীর কাছে এই বয়সে পৌঁছে আজও দুর্গাপুজোর দিনগুলোতে বিভিন্ন মণ্ডপ ঘুরে ঘুরে মাতৃপ্রতিমা দর্শন রক্তে নেশার মতো মিশে আছে। শতবর্ষ প্রায় ছুঁয়ে ফেলতে চললেও প্যান্ডেল হপিং বা ঠাকুর দেখার আগ্রহ তাঁর এতটুকুও কমেনি।
এবারেও পুজোর সষ্ঠী থেকে নবমী ঘুরে ঘুরে কলকাতা থেকে কল্যাণী এলাকার প্রায় ২৫টি ঠাকুর ও মণ্ডপ দেখা হয়েও গিয়েছে তাঁর। আজ পুজোর শেষ দিন দশমীর সকাল থেকেই প্রৌঢ়া মিনা দেবী নিজের এলাকা নিউ ব্যারাকপুর অঞ্চলের প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েন।
নিউ ব্যারাকপুর বিদ্রোহ স্পোর্টিং ক্লাবের কর্ণধার বঙ্কিম দাস তাঁর বয়স এবং মণ্ডপ ও প্রতিমা এই নেশাকে কুর্নিশ জানিয়ে তাঁকে সম্মানিত করলেন। তাঁর হাতে পুজোর নতুন বস্ত্র উপহার হিসাবে তুলে দেওয়ার জন্য চটজলদি ক্লাব সদস্যদের কিনতে পাঠিয়ে দেওয়া হয় দোকানে। তাঁকে মণ্ডপে বসিয়ে চা খাইয়ে সম্মানিত করেন বঙ্কিমবাবু।
