Police Assault | বারাকপুরে কর্তব্যরত এসআইকে মারধরের অভিযোগ, আটক যুবক

বারাকপুর: কর্তব্যরত পুলিশ আধিকারিককে মারধর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বারাকপুর স্টেশন সংলগ্ন এলাকায়। এই ঘটনায় পল্লব নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বারাকপুর স্টেশন সংলগ্ন এলাকায় কর্তব্যরত ছিলেন সাব-ইন্সপেক্টর রাজেশ চন্দ্র রায়। সেই সময় একটি চারচাকার গাড়ি নিয়ে এক যুবক বিভিন্ন জায়গায় ধাক্কা মারতে মারতে এগিয়ে আসছিলেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ওই যুবককে আটক করেন কর্তব্যরত এসআই রাজেশ চন্দ্র রায়।

অভিযোগ, এরপরই ওই যুবক পুলিশ আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁকে মারধর করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অন্যান্য পুলিশকর্মীরা। পরে অভিযুক্ত যুবককে আটক করে টিটাগড় থানায় নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, আহত পুলিশ আধিকারিক রাজেশ চন্দ্র রায়কে চিকিৎসার জন্য বারাকপুরের বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে গোটা ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।