কলকাতা: সোশ্যাল মিডিয়ার ভিডিও তৈরিকে কেন্দ্র করে ভয়াবহ অপরাধের অভিযোগ উঠল কলকাতার হালতুতে। এক যুবককে মারধরের পর তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। এই ঘটনায় দুই নাবালককেও আটক করেছে গড়ফা থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত গত ২৭ অক্টোবর। জানা গিয়েছে, কাজ সেরে বাড়ি ফেরার পথে লেনিননগরের পুকুরপাড়ে কয়েকজনের কবলে পড়েন ১৮ বছরের ওই যুবক। তাঁকে ডেকে নিয়ে গিয়ে একটি সিমেন্টের বেঞ্চে বসানো হয়। এরপর শুরু হয় মারধর ও শারীরিক নির্যাতন।
অভিযোগ, যুবকের মাথায় হেলমেট পরিয়ে চোখ বেঁধে দেওয়া হয়েছিল। এমনকী, তাঁকে জোর করে পেট্রল খাওয়ানোর চেষ্টাও করা হয়। তাতে বাধা দিলে তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সময় অভিযুক্তদের কেউ কেউ মোবাইলে ভিডিও রেকর্ড করছিল বলে জানা গিয়েছে। সেই ভিডিও দিয়ে রিলস তৈরির পরিকল্পনা ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
আশঙ্কাজনক পরিস্থিতিতেও হাল ছাড়েননি আক্রান্ত যুবক। শরীরে আগুন জ্বলতে থাকা অবস্থাতেই সেখান থেকে ছুটে বেরিয়ে এসে কোনওরকমে প্রাণে রক্ষা পান তিনি। আগুনে তাঁর শরীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেই আঘাতের যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তদন্তে উঠে এসেছে পুরনো বিবাদের সম্ভাবনাও। আক্রান্তের অভিযোগ, প্রায় ছয় মাস আগে ৫০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল। টাকা ফেরত দেওয়ার পরেও সেই বিবাদের জেরেই তাঁকে আক্রমণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ।
ঘটনার পর গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই অর্ঘ্য-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও দুই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একটি ভিডিও তৈরির জন্য মানুষের জীবন নিয়ে এমন বিপজ্জনক আচরণের অভিযোগে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে শহরে। এই ঘটনার পিছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং কার কী ভূমিকা রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।
