Social Service: মানবিক উদ্যোগে নজির One Heart-এর, ৫০ জন প্রান্তিক শিশুর হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক

মধ্যমগ্রামে পাঁচ বছরের পথচলা উদ্‌যাপন, সমাজসেবার বার্তা দিলেন বিশিষ্টজনেরা

সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ফের মানবিক উদ্যোগ নিল মধ্যমগ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা ‘One Heart’। সংস্থার উদ্যোগে ৫০ জন প্রান্তিক শিশুর হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক। পাঁচ বছর ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা অব্যাহত রেখেছে সংস্থাটি।

প্রায় পাঁচ বছর আগে বহুজাতিক সংস্থায় কর্মরত কয়েকজন যুবকের উদ্যোগে এই মানবিক পথচলার সূচনা হয়। কর্মজীবনের ব্যস্ততার মাঝেও সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য কিছু করার ভাবনা থেকেই তাঁদের এই উদ্যোগ। বন্ধু ভাস্কর সেনগুপ্তকে সামনে রেখে শুরু হয় ‘One Heart’-এর যাত্রা। পরবর্তী সময়ে পরিবারের সদস্যদেরও এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে সমাজসেবার পরিধি আরও বিস্তৃত করার চেষ্টা করেন তাঁরা।

সংস্থার মূল লক্ষ্য, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ তাঁদের সঙ্গেও ভাগ করে নেওয়া। সেই ভাবনাকে সামনে রেখেই আয়োজিত হয় শিশুদের বস্ত্র উপহার কর্মসূচি।

মধ্যমগ্রামের শিবম গার্ডেনে রবিবার সন্ধ্যায় শুরু হওয়া এই অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেন পূজনীয় ঠাকুর শ্রীশ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়। সমাজসেবা ও মানবিক দায়বদ্ধতার প্রসঙ্গে অনুষ্ঠানে উঠে আসে মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, প্রখ্যাত অভিনেতা শংকর চক্রবর্তী, চিকিৎসক ডাঃ সুদীপা চক্রবর্তী এবং থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি সম্পাদক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

শুধু বস্ত্র বিতরণেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন। পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তৈরি হয় এক আন্তরিক মিলনমেলার পরিবেশ। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একসূত্রে বাঁধার পাশাপাশি শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

বর্তমান সময়ে ব্যক্তিগত ব্যস্ততার মধ্যেও সমাজের জন্য সময় বের করে নেওয়ার যে দৃষ্টান্ত ‘One Heart’ তৈরি করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কয়েকজন যুবকের ছোট্ট ভাবনা থেকে শুরু হওয়া এই উদ্যোগ আজ পাঁচ বছরের পথ অতিক্রম করেছে। আগামী দিনেও একইভাবে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চায় সংস্থাটি।

প্রতিবেদন: শুভ্রজিৎ লাহা
The Time Line News | মধ্যমগ্রাম

Exit mobile version