Taki News | ইছামতির বুকে প্রতিমা নিরঞ্জন, ঐতিহ্যের আবহে উমা বিদায় টাকিতে

টাকি, উত্তর ২৪ পরগনা: দুর্গাপুজোর আনন্দঘন মুহূর্তের অবসান। বিষাদের সুর আর উৎসবের রেশ মেখে বুধবার দিনভর টাকির ইছামতি নদীতে চলল দুর্গাপ্রতিমা নিরঞ্জন। দীর্ঘদিনের ঐতিহ্য মেনে সীমান্তবর্তী এই শহরে প্রতিমা বিসর্জনকে ঘিরে তৈরি হয় বিশেষ আবহ।

প্রথা অনুসারে, প্রথমে নিরঞ্জন করা হয় টাকির ঐতিহ্যবাহী পুবের বাড়ির দুর্গাপ্রতিমা। এরপর পর্যায়ক্রমে শহরের বিভিন্ন বনেদি বাড়ি ও বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বুধবার দুপুর থেকে নির্দিষ্ট ঘাটে শুরু হয় এই পর্ব। দুই বাংলার সীমান্তঘেঁষা ইছামতির বুকে প্রতিমা নিরঞ্জনের এই দৃশ্য দেখতে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় ছিল প্রশাসন। পুরসভার কর্মীদের তত্ত্বাবধানের পাশাপাশি বিএসএফ জওয়ানদের নজরদারি ছিল। নিরাপত্তা ও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। পুলিশ ও প্রশাসনের নির্ধারিত বিধিনিষেধ মেনেই নির্দিষ্ট জেটি ঘাটে সম্পন্ন হয় প্রতিমা নিরঞ্জন।

ঢাকের তালে, আনন্দের ছন্দে শিশু থেকে শুরু করে মহিলা-পুরুষ—সকলেই মেতে ওঠেন বিসর্জনের উৎসবে। উৎসবের আনন্দের মাঝেই ছিল উমাকে বিদায় জানানোর আবেগ। নদীর জলে প্রতিমা বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় এবারের শারদোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।

মা দুর্গার বিদায়ের মধ্য দিয়েই শুরু হল আগামী বছরের অপেক্ষা। বাঙালির মনে রয়ে গেল উৎসবের স্মৃতি, আর নতুন করে উমার আগমনের আশায় দিন গোনার পালা।

Exit mobile version