কলকাতায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
কলকাতায় অবৈধ অস্ত্র তৈরির কারবারের সন্ধান পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (ডব্লিউবি এসটিএফ)। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৩ অক্টোবর নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে অভিযান চালান এসটিএফের আধিকারিকরা। তল্লাশি চালাতেই ওই বাড়ি থেকে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান মেলে বলে জানা গিয়েছে।
অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে দুটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দুটি দেশি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ধরনের জীবন্ত ও ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি, অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম থেকে ওই বাড়িতে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এসটিএফের অভিযান চলাকালীন অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তদন্তকারীরা ইতিমধ্যেই তাকে চিহ্নিত করেছেন বলে জানা গিয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি এই বেআইনি কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনাকে কেন্দ্র করে নাদিয়াল থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতার করা এবং অস্ত্র তৈরির এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করাই এখন তদন্তকারীদের প্রধান লক্ষ্য। উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের উৎস এবং সেগুলি কোথায় সরবরাহ করা হতো, সেই বিষয়গুলিও তদন্তের আওতায় রয়েছে।
