Wildlife Protection | বারাসাতে পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল মাঞ্জা সুতোর ফাঁদে আটকে পড়া পেঁচা

বারাসাত: নিষিদ্ধ মাঞ্জা সুতোর বিপজ্জনক ফাঁদে আটকে পড়েছিল একটি পেঁচা। বারাসাত থানার সামনের একটি আমগাছে এই ঘটনা নজরে আসতেই পাখিটিকে উদ্ধারে তৎপর হয়ে ওঠেন পুলিশ ও বিভিন্ন দফতরের কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর পেঁচাটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। মুক্তি পেয়েই আবার আকাশে ডানা মেলে উড়ে যায় পাখিটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমগাছের ডালে ঘুড়ির মাঞ্জা সুতোয় এমনভাবে জড়িয়ে পড়েছিল পেঁচাটির ডানা ও শরীর যে, তার পক্ষে স্বাভাবিকভাবে নড়াচড়া করাও কঠিন হয়ে পড়ে। পাখিটির ছটফটানি দেখে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা বারাসাত থানায় খবর দেন।

খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে বারাসাত থানার পুলিশ। বিদ্যুৎ দফতর, দমকল এবং বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

আমগাছের পাশ দিয়ে বিদ্যুতের তার থাকায় প্রথমে নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। এরপর দমকলের মই ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে বন দফতরের কর্মীদের সহযোগিতায় পেঁচাটিকে উদ্ধারের কাজ শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে সতর্কতার সঙ্গে চেষ্টা চালানোর পর অবশেষে পাখিটিকে মাঞ্জা সুতোর বাঁধন থেকে মুক্ত করা সম্ভব হয়।

উদ্ধারের পর পেঁচাটি অক্ষত অবস্থায় উড়ে যায়। পুলিশ, দমকল, বন দফতর ও বিদ্যুৎ দফতরের যৌথ উদ্যোগে একটি প্রাণ বাঁচানোর এই ঘটনা এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, ধারালো মাঞ্জা সুতো শুধু মানুষের জন্যই নয়, পাখিদের জীবনেও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই পরিবেশ ও বন্যপ্রাণীদের সুরক্ষায় বিপজ্জনক সুতো ব্যবহার থেকে বিরত থাকা এবং কোথাও কোনও পাখি বিপদে পড়লে দ্রুত সংশ্লিষ্ট দফতরকে খবর দেওয়া জরুরি।

Exit mobile version