বানারহাট: রাতের অন্ধকারে খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতির দলের আনাগোনা। আর সেই সময়ই ঘটে বিপত্তি। বানারহাটের একটি সেনা ছাউনির ভিতরে থাকা কুয়োয় পড়ে যায় একটি হস্তিশাবক। ঘটনাকে ঘিরে সকাল থেকেই এলাকায় তৎপরতা শুরু হয়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রাতে হাতির একটি দল সেনা ছাউনির ভিতরে প্রবেশ করেছিল। সেই সময় অসাবধানতাবশত দলের একটি শাবক কুয়োর মধ্যে পড়ে যায়। সকালে বিষয়টি নজরে আসে সেনাকর্মীদের। এরপর দ্রুত বনদপ্তরকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা। সেনাবাহিনী ও বনকর্মীরা একসঙ্গে উদ্ধারকাজ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর ক্রেন নিয়ে আসা হয়। কুয়োর পাশের অংশে নালা কেটে শাবকটিকে নিরাপদে বাইরে বের করে আনার ব্যবস্থা করা হয়।
দীর্ঘ প্রচেষ্টার পর যৌথ উদ্যোগে উদ্ধার করা সম্ভব হয় হস্তিশাবকটিকে। বন্যপ্রাণীকে নিরাপদে উদ্ধার করতে সেনাবাহিনী ও বনদপ্তরের এই তৎপরতা প্রশংসা কুড়িয়েছে।
জঙ্গল লাগোয়া এলাকায় হাতির চলাচলের সময় সতর্ক থাকার পাশাপাশি বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও ফের সামনে এল এই ঘটনায়।
