Hospital Attack | নিউটাউনের হাসপাতালে দুষ্কৃতী হামলার অভিযোগ, আতঙ্কে রোগী ও চিকিৎসকরা

নিউটাউনের বেসরকারি হাসপাতালে তাণ্ডব! আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, হাসপাতাল ভাঙচুরের অভিযোগ প্রোমোটার ও তাঁর দলবলের বিরুদ্ধে

নিউটাউনের যাত্রাগাছি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠল স্থানীয় প্রোমোটার সঞ্জীব বিশ্বাস এবং তাঁর দলবলের বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। ওই জমি নিয়ে বর্তমানে আদালতে মামলাও চলছে।

অভিযোগ, গতকাল রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একদল দুষ্কৃতী হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায়। সেই সময় হাসপাতালে ভর্তি ছিলেন ৯ জন রোগী। তাঁদের মধ্যে দু’জন ছিলেন আইসিইউতে। অভিযোগ, রোগীদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার পাশাপাশি চিকিৎসক ও নার্সদেরও মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের আরও অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছেন স্থানীয় প্রোমোটার সঞ্জীব বিশ্বাস। শাসকদলের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলেও দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। যদিও গোটা ঘটনা নিয়ে ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি তাঁরা। ইতিমধ্যেই নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে, ঘটনার দু’দিন আগে সঞ্জীব বিশ্বাসের দাবি ছিল, যে জমির উপর হাসপাতালটি রয়েছে, সেটি তাঁর। ভাড়া বাবদ কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি হাসপাতালটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ তোলেন।

জমি সংক্রান্ত বিবাদ, আদালতে বিচারাধীন মামলা এবং তারই মধ্যে হাসপাতালে হামলার এই অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্তে এখন পুলিশের ভূমিকার দিকেই তাকিয়ে সকলে।