কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে ইছাপুরে আয়োজন করা হল বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এক মঞ্চে কিশোর কুমারের ৫৮টি জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করলেন শিল্পীরা। প্রতিষ্ঠিত গায়ক কুমারজিৎ আচার্যের উদ্যোগে ‘আনমোল ৫৮’ নামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ইছাপুরের বিকাশ বোস স্মৃতি কনভেনশন সেন্টারে।
কিশোর কুমারের জীবনের ৫৮টি বছরকে স্মরণীয় করে তুলতেই অনুষ্ঠানের এই বিশেষ পরিকল্পনা। তাঁর জীবনের প্রতিটি বছরের প্রতীক হিসেবে একটি করে গান পরিবেশন করা হয়। ফলে একের পর এক গানের মাধ্যমে উঠে আসে কিশোর কুমারের দীর্ঘ সঙ্গীতজীবনের নানা অধ্যায়।
দুপুর আড়াইটে থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। এরপর বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত চলে মূল সঙ্গীতানুষ্ঠান। দীর্ঘ সময় ধরে চলা এই আয়োজনে দর্শকদের সামনে পরিবেশিত হয় কিশোর কুমারের একাধিক জনপ্রিয় গান।
অনুষ্ঠানে অংশ নেন মোট ১৪ জন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। তাঁদের পরিবেশনায় কিশোর কুমারের গানের সুরে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। গোটা আয়োজনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন শিল্পী কুমারজিৎ আচার্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাকিল আনসারি। কিশোর কুমারের গানকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী আয়োজন করার জন্য শিল্পী কুমারজিৎ আচার্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।
গান, স্মৃতি এবং শ্রদ্ধার মেলবন্ধনে ‘আনমোল ৫৮’ হয়ে ওঠে কিশোর কুমারপ্রেমীদের জন্য একটি বিশেষ সন্ধ্যা। এক মঞ্চে ৫৮টি গান পরিবেশনের এই উদ্যোগের মাধ্যমে ফের একবার শ্রোতাদের মনে জীবন্ত হয়ে ওঠে কিংবদন্তি শিল্পীর সঙ্গীতের আবেগ ও আবেদন।
