জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রীর কাছ থেকে মিলল ১ কোটি ৪০ লক্ষ টাকা, টাকার উৎস জানতে তদন্তে জিআরপি
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর রেল স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। টাটা-হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস থেকে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। এই ঘটনায় রাহুল সোনি নামে এক যুবককে গ্রেফতার করেছে খড়গপুর জিআরপি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছনোর পর এক যাত্রী ট্রেন থেকে নামেন। আগে থেকেই গোপন সূত্রে ওই যাত্রীর বিষয়ে খবর পেয়েছিল রেল পুলিশ। সেই অনুযায়ী স্টেশনে সতর্ক নজরদারি চালাচ্ছিলেন জিআরপি আধিকারিকরা।
যাত্রীকে আটক করে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ৪০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এরপরই ওই যুবককে গ্রেফতার করা হয়।
কোথা থেকে এল এত বিপুল পরিমাণ টাকা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই নগদ অর্থ? এর পিছনে কোনও আর্থিক অনিয়ম বা অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উদ্ধার হওয়া টাকার উৎস এবং তা পরিবহণের উদ্দেশ্য জানতে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে খড়গপুর জিআরপি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে।
